
ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে অশান্তির জেরে কাচের বোতল ভেঙে হাতে ঢুকে গুরুতর আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বৈঠকে অসংসদীয় ভাষা প্রয়োগের জন্য় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
মঙ্গলবার ওয়াকফ বিল নিয়ে জেপিসি-র বৈঠকে তুমুল অশান্তি হয়। সূত্রের খবর, এদিন বিজেপি সাংসদদের সঙ্গে বিশেষ করে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে তীব্র তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। চরম উত্তেজনার মধ্যে, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় একটি কাচের জলের বোতল টেবিলে মেরে ভেঙে ফেলেন বলে অভিযোগ। ওই বোতলের ভাঙা কাচে তাঁর নিজেরই হাত কেটে যায়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সাংসদের বুড়ো আঙুল ও তর্জনীতে আঘাত লেগেছে। বিজেপি সাংসদদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোতলটি চেয়ারম্যানের ডেস্কের দিকেও ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর দ্রুত আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরে বাইরে নিয়ে আসেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।সেই সময় শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদের পাশে দেখা গিয়েছে আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকেও। সূত্রের খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে চারটি সেলাই দিতে হয়েছে।
এক ভিডিওতে দেখা গিয়েছে, আহত কল্যাণ বন্দ্যোরপাধ্যায়কে স্যুপ খাওয়ানো হচ্ছে। যদিও পুরো বিষয়টি নিয়ে কারও প্রতিক্রিয়া মেলেনি।








