
সংসদে মহুয়া মৈত্রর হয়ে সওয়াল করার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দলেরই আরেক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে উপহার ও নগদ টাকা নিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
এথিক্স কমিটির সুপারিশে মহুয়ার সাংসদ পদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা। সেইসময় সংসদে মহুয়ার হয়ে বক্তব্য রেখেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গ তুলে এক্স হ্যান্ডলে আবেগঘন একটি পোস্ট করে কল্যাণ লিখেছেন, ২০২৩ সালে সংসদে যখন মহুয়া মৈত্র সমালোচনার মুখে পড়েছিলেন, তখন তিনি তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। বাধ্যবাধকতায় নয়, দৃঢ় বিশ্বাসের কারণে ওঁর পাশে দাঁড়িয়েছিলাম। আর আজ, তিনি আমাকে একজন নারী-বিদ্বেষী বলে সেই সমর্থনের প্রতিদান দিচ্ছেন।
যাঁর মৌলিক কৃতজ্ঞতার অভাব রয়েছে, তাঁকে রক্ষা করার জন্য তিনি জাতির কাছে ক্ষমা চাইছেন। এই পোস্টের পাশাপাশি ৮ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন কল্যাণ। যেখানে সংসদে কল্যাণকে মহুয়া মৈত্রের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত মহুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে মন্তব্য করে বক্তব্য শেষ করেন কল্যাণ।
