
কন্নড় ভাষার উৎপত্তি নিয়ে মন্তব্য করে সম্প্রতি আইনি গেরোয় পড়েছিলেন কমল হাসান। এবার সনাতন ধর্ম নিয়ে বেফাঁস কথা বলে ফের বিতর্কের শিরোনামে দক্ষিণী মেগাস্টার।
যার জেরে চোখ রাঙিয়েছে বি জে পি। উঠেছে কমল হাসানকে বয়কটের ডাকও। সম্প্রতি চেন্নাইতে দক্ষিণী তারকা সূরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আগরম ফাউন্ডেশনের পনেরো বছরপূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল। সেখানেই সনাতন ধর্ম নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওয় সদ্য রাজ্যসভার সাংসদ পদপ্রাপ্ত তথা মাক্কাল নিধি মাইয়াম দলনেতাকে বলতে শোনা গিয়েছে, একমাত্র শিক্ষার জোরেই পরিবর্তন সম্ভব। কমলের মন্তব্য, এই যুদ্ধে শুধু শিক্ষাই পারে দেশকে বদলাতে। এটাই একমাত্র অস্ত্র দেশের স্বৈরাচার শাসন এবং সনাতন ধর্মের শেকল ভাঙার জন্য। অন্য কোনও অস্ত্র আপনাদের হাতে তুলে নেবেন না। তাহলে এহেন সংখ্যাগরিষ্ঠের কাছে পরাস্ত হতে হবে। এই যুদ্ধ জয় করতে শিক্ষাই একমাত্র অস্ত্র। মেগাস্টারের এহেন মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড়, ফুঁসে উঠেছে তামিলনাড়ুর রাজ্য বিজেপি।কমল হাসানের মন্তব্যের ঘোরতর প্রতিবাদ করে এক্স হ্যান্ডেলে এক ভিডিওতে বি জে পি রাজ্য সম্পাদক অমর প্রসাদকে বলতে শোনা গিয়েছে, সনাতন ধর্মকে ধ্বংস করতে চাওয়া কমল হাসানের সব ছবি বয়কট করুন। সমস্ত হিন্দুদের কাছে আবেদন। সনাতন ধর্ম বিরোধী কথা বললেই চরম পরিণতি ভুগতে হবে,এটাই চরম বার্তা হোক। দেখি, আর কোন অভিনেতা সনাতন ধর্মকে ব্যঙ্গ করার সাহস দেখায়? অভিনেতা কমল হাসান বলেছেন উনি হিন্দু ধর্মকে ধ্বংস করতে চান। তাই সব সনাতনীর কাছে আমার অনুরোধ, এমন লোকজনকে উচিত শিক্ষা দেওয়া দরকার। সবার উচিত কমল হাসানের সমস্ত সিনেমা প্রেক্ষাগৃহ, ওটিটি থেকেও নিষিদ্ধ করে দেওয়া।
তাহলে আর এমন মন্তব্য করবেন না, যা কোটি কোটি হিন্দুদের ভাবাবেগে আঘাত দেয়। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কমল হাসানের বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ উঠেছে।









