
নিজের এলাকাতেই মধ্যরাতে বিক্ষোভের মুখে পড়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তা-ই নয়, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ারও অভিযোগ উঠেছে।
হামলার ঘটনার পর রাতেই ফেসবুক লাইভে এসে মদন দাবি করে বলেছেন, চোখের সামনে থেকে মৃত্যুকে দেখেছেন। শনিবার রাতে কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে অশান্তির খবর পেয়ে গাড়ি নিয়ে বার হয়েছিলেন মদন মিত্র। সেই ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম বিশ্বাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর সেই সময়ই বিক্ষোভের মুখে পড়েন তিনি। ফেসবুক লাইভে মদনের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ফেলে ১০০-১৫০ লোক। সকলের হাতেই লাঠিসোঁটা ছিল।
মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন সকলে। অভিযোগ, মদনকে দেখে চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। শুধু তা-ই নয়, তাঁর গাড়ি লক্ষ্য ডিমও ছোড়েন কয়েক জন। মদনের দাবি, তাঁর গাড়ির চালককে ধরে মারধরও করা হয়েছে। এ-ও জানান, তিনি প্রাণে বাঁচতে পেরেছেন শুধু স্থানীয় কয়েক জন মহিলার সাহায্যে।
