বায়ার্নের গোল উৎসবে, কেইনের রেকর্ড

0
108
ছবি সৌজন্যে : এক্স

বুন্দেসলিগার ২০২৪-২৫ সিজনে গোল উৎসবের মধ্য দিয়ে দারুণভাবে শেষ করেছে বায়ার্ন মিউনিখ। শক্তিতে অনেকটাই পিছিয়ে থাকা হফেনহাইমের মাঠে ৪-০ গোলের জয় তুলে নিয়ে সিজনের পর্দা নামায় ভিনসেন্ট কোম্পানির প্লেয়াররা।শেষ রাউন্ডের ম্যাচে বায়ার্নের পক্ষে একটি করে গোল করেছেন মাইকেল ওলিসে, জসুয়া কিমিখ, সের্গে জিনাব্রি ও ইংলিশ তারকা হ্যারি কেইন।

এ জয়ের ফলে ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে বাভারিয়ানরা।এই সিজনেও বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হ্যারি কেইন। এবার তার গোল সংখ্যা ২৬। গত সিজনে তিনি করেছিলেন ৩৬ গোল। ফলে ইতিহাসে নাম লিখিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম দু’ সিজনেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

অন্যদিকে, চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে ব্যর্থ হয়েছে বায়ার লেভারকুজেন। শাবি আলোনসোর দল ৩৪ ম্যাচে ১৯ জয় ও ১২ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিজন শেষ করে। শেষ ম্যাচে মাইন্সের মাঠে ২-২ গোলে ড্র করে তারা। তবে এই ড্রয়ে একটি রেকর্ড গড়েছে লেভারকুজেন-বুন্ডেসলিগায় টানা ৩৪টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড, যা ভেঙে দিয়েছে বায়ার্ন মিউনিখের আগের রেকর্ড।