নেপোটিজম উসকে ফের বিদ্রুপ কঙ্গনার

0
192
ছবি সৌজন্যে :ফেসবুক

নেপোটিজমের ঝান্ডাধারী বলে যে পরিচালককে উদয়াস্ত কটাক্ষ করতেন, এবার তাঁকেই নিজের সিনেমায় কাস্ট করতে চাইছেন কঙ্গনা রানাউত। এ তো হিসেবের উলট পুরাণ, কারণ কঙ্গনার কাছে করণ জোহরই যেন,নন্দ ঘোষ।

বলিউডের যে কোনও ঘটনা নিয়ে পরিচালক-প্রযোজককে বিঁধতে ছাড়েন না তিনি সাংসদ-অভিনেত্রী। করণ জোহর তাঁর কাছে নেপোটিজমের ঝান্ডাধারী। তবুও তাঁকে দিয়ে নিজের ছবিতে অভিনয় করাতে চাইছেন কঙ্গনা রানাউত।তাহলে কি অতীতের মান-অভিমান মিটল? সম্প্রতি এমার্জেন্সি’র প্রচারে ইন্ডিয়ান আইডল-এ গিয়েছিলেন কঙ্গনা রানাউত।সেখানেই করণের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেত্রী।তবে এবার শর্ত একটাই। কঙ্গনা থাকবেন পরিচালকের আসনে, আর করণ জোহর ক্যামেরার সামনে।সাংসদ-অভিনেত্রীর মন্তব্য, করণ স্যরের উচিত তাঁর সঙ্গে একটা সিনেমা করা। করণকে খুব ভালো একটা চরিত্র দেবেন কঙ্গনা। আর ভালো একটা সিনেমা বানাবেন। যেখানে শাশুড়ি-বউমার ঝগড়া থাকবে না। কোনও পিআর প্রক্রিয়া নাক গলাবে না। একটা ঠিকটাক সিনেমা বানাবেন কঙ্গনা রানাউত। উল্লেখ্য ২০১৭ সালে কফি উইথ করণ শোয়ে গিয়ে কঙ্গনা একবার মুখের উপর করণ জোহরকে মুভি মাফিয়া বলে কটাক্ষ করেছিলেন। আবার ২০২৩ সালে রকি অউর রানি সিনেমার সময়েও পরিচালক-প্রযোজককে কটাক্ষ করে বলেছিলেন, করণ জোহর আপনার লজ্জা হওয়া উচিত একই ধরণের সিনেমা বারবার বানানোর জন্য। নিজেকে ভারতীয় সিনেমার অগ্রদূত বলেও আরও পিছিয়ে নিয়ে যাচ্ছেন। বলিউড ইন্ডাস্ট্রির এহেন দুর্দিনে অযথা টাকা নষ্ট করবেন না।

এবার অবসর নিন। আর নতুন পরিচালকদের কাজ করার সুযোগ দিন।এবার সেই পরিচালক-প্রযোজক করণ জোহরকেই নিজের পরিচালিত ছবিতে অভিনয় করানোর কথা বলেছেন বিদ্রুপের সুরে।