
দেশের পিতা বলে কিছু হয় না, হয় সন্তান। মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
২ অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী ও মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ছিল। তাদের শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন মাণ্ডির সাংসদ। সেখানে লিখেছেন, দেশের পিতা বলে কিছু হয় না, দেশের সন্তান হয়। ভারত মায়ের সন্তানরা ধন্য।এরপরেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা।মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। কিন্তু বিজেপি সাংসদ ওই মন্তব্য করে আসলে তাঁকে অপমান করেছেন এবং মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে।কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত নিন্দা করে বলেছেন, বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত মহাত্মা গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে অশালীনভাবে বিদ্রুপ করেছেন। গডসের পূজারী বাপু এবং লাল বাহাদুর শাস্ত্রীজির মধ্যে পার্থক্য বুঝিয়েছেন। দলের নতুন গডসে পূজারীকে কি মন থেকে ক্ষমা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির জনক, দেশমাতার সন্তান এবং শহিদ, প্রত্যেকের সম্মান প্রাপ্য।শুধু কংগ্রেস নয়, কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের নিন্দা জানিয়েছেন পঞ্জাবের বর্ষীয়ান বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়াও। তিনি বলেছেন, রাজনীতি কঙ্গনা রানাওয়াতের জায়গা নয়।









