
কিছুদিন আগে বেঙ্গালুরুতে একটি গানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনু নিগম। সেখানে এক শ্রোতা তাকে বার বার কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ জানান। ওই যুবক এতটাই অভদ্রভাবে অনুরোধ জানাচ্ছিলেন যে গায়ক বিরক্ত হন।
কন্নড়ভাষী ওই যুবকের আচরণকে পহেলগাঁও ঘটনার সঙ্গে তুলনা করেন।গানের অনুরোধের সঙ্গে সন্ত্রাসের তুলনা টানায় গায়কের উপরে ক্ষুব্ধ হয়েছে কন্নড় সম্প্রদায়। কন্নড়পন্থী একটি সংগঠন এর পরেই ঘৃণা উস্কে দেওয়া এবং তাদের সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে।ঘটনার সূত্রপাত বেঙ্গালুরুর ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। গায়কের অভিযোগ, কন্নড়ভাষী এক যুবক অত্যন্ত উদ্ধতভাবে তাকে ওই ভাষায় গান গাওয়ার অনুরোধ জানাতে থাকেন।গায়ক প্রথমে হাসিমুখেই ব্যাপারটি সামলানোর চেষ্টা করেন। কিন্তু যুবকটি নাকি কিছুতেই শুনছিলেন না। উপরন্তু কন্নড় ভাষায় গাওয়ার অনুরোধ জানিয়েই যাচ্ছিলেন। এতেই একটা সময়ের পর বিরক্ত হয়ে যান সোনু।
বলে ওঠেন, পহেলগাঁও-তেও একই ভাবে সন্ত্রাসবাদ ঘটানো হয়েছিল। কাকে এভাবে বলছেন একবার তো খেয়াল করুন। সোনুর এই বক্তব্য ভালোভাবে নিতে পারেনি কন্নড় সম্প্রদায়। এর পরেই কর্নাটক রক্ষা বেদিকে নামের একটি কন্নড়পন্থী সংগঠন সোনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহর জেলা ইউনিট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।সংগঠনের দাবি, গায়কের বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে। কর্ণাটকের বিভিন্ন ভাষাগত সম্প্রদায়ের মধ্যে ঘৃণা উস্কে দিয়েছে।








