
অভিনেতা রণবীর সিংয়ের জন্য বড় ধরনের আইনি স্বস্তি নিয়ে এলো কর্ণাটক হাইকোর্ট। কন্নড় ব্লকবাস্টার সিনেমা কান্তারা-তে প্রদর্শিত একটি পবিত্র আচার নিয়ে বিদ্রূপ করার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরটি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে,ইফি, ঋষভ শেঠির অভিনয়ের প্রশংসা করতে গিয়ে কান্তারার,দৈব বা, ভূত কোলা ঐতিহ্যের অনুকরণ করেছিলেন রণবীর। এই ঘটনাকে কেন্দ্র করেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে বেঙ্গালুরুতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় এলো।হাইকোর্ট রণবীরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করে তাকে আইনি দায় থেকে মুক্তি দিলেও স্পর্শকাতর বিষয়টিকে উপেক্ষা করেননি। আদালতের পক্ষ থেকে অভিনেতাকে এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শ্রদ্ধা এবং অনুশোচনার নিদর্শন হিসেবে তাকে মহীশূরের বিখ্যাত চামুণ্ডেশ্বরী মন্দির পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় এটি একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে একদিকে অভিনেতাকে স্বস্তি দেওয়া হয়েছে এবং অন্যদিকে স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মর্যাদাকে সমুন্নত রাখা হয়েছে।বিতর্কটি মূলত শুরু হয়েছিল যখন রণবীর সিং উৎসবের মঞ্চে কান্তারা ছবির সেই বিশেষ দৃশ্যটি নকল করেন এবং দেবতাকে ,ভূত হিসেবে সম্বোধন করেন। এই আচরণে কান্নাডিগা সম্প্রদায়ের একটি বড় অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিষয়টিকে তাদের পবিত্র ঐতিহ্যের অপমান হিসেবে গণ্য করে।
রণবীর অবশ্য শুরু থেকেই দাবি করে আসছিলেন যে তার উদ্দেশ্য কাউকে ছোট করা ছিল না, বরং তিনি ঋষভ শেঠির শক্তিশালী অভিনয়ের ফ্যান হিসেবে সেটি করার চেষ্টা করেছিলেন। রণবীর সিং সব সময় সব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল বলেও আত্মপক্ষ সমর্থনে জানিয়েছিলেন।








