
ক দিন আগে বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টির বাড়িতে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে বারান্দার কাচের দেওয়াল ঝাঁজরা করে দিয়েছে বিষ্ণোই গ্যাং।
সেইসঙ্গে গোটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দেগে এক পোস্টে কুখ্যাত গ্যাংস্টার দলের দাবি, পরের গুলিটা ওর বেডরুমে চলবে। সেটা রোহিতের বুকেও লাগতে পারে, আর হ্যাঁ, এটা গোটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দাগলাম। যদিও বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছোঁড়া বিষ্ণোইরা সলমন খানের টিকি পায়নি, তবে গতবছর তিন দফায় কপিল শর্মার কানাডার ক্যাফেতে হামলা চালায় এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। রোহিত শেট্টির বাড়িতে হামলার আবহে যখন আবারও চর্চার শিরোনামে বিষ্ণোই গ্যাং, তখন প্রকাশ্যেই কানাডার অভিশপ্ত স্মৃতি উসকে বোমা ফাটিয়েছেন কৌতুকাভিনেতা কপিল। বলা হচ্ছে সেলেবপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং। কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। শুধু তাই নয়, খোলা চিঠিতে কৌতুকাভিনেতাকে হুমকি দেওয়া হয়েছিল, এখানে ব্যবসা বন্ধ না করলে পরেরবার মুম্বইতে গিয়ে গুলি চালাব।
এছাড়াও চব্বিশ সালের অক্টোবর মাসে দশেরার দিন সলমন-ঘনিষ্ঠ মহারাষ্ট্রের তাবড় নেতা বাবা সিদ্দিকিকেও খুন করে এই বিষ্ণোইরা। আর সেই হত্যালীলার পরও ফলাও করে জানিয়ে দেয়, সলমন খানের সঙ্গে বেশি মাখামাখি করলে তারও এরকম চরম পরিণতি হবে। এবার এই বিষ্ণোইদেরকে প্রকাশ্যেই ব্যঙ্গ করলেন কপিল শর্মা।








