
গায়ের জার্সিটা নতুন,এতদিনের প্রবল প্রতিদ্বন্দ্বীরা এখন আপন। কিন্তু কারিম বেনজেমা তো আছেন নিজের মতোই। নতুন ক্লাবেও তিনি সেই পুরোনো রূপেই। আল-হিলালের হয়ে অভিষেক রাঙালেন তিনি হ্যাটট্রিক করে ও আরেকটি গোলে সহায়তা করে।
তার নতুন শুরুতে বিশাল জয়ের স্বাদ পেল দল।সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল আখদুদকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আল-হিলাল।গত সিজনে আল-ইত্তিহাদের ডাবল জয়ের নায়কদের একজন ছিলেন বেনজেমা। এই সিজনে ক্লাবের পারফরম্যান্স ভালো না হলেও তিনি ছিলেন ফর্মেই। কিন্তু চুক্তি রিনিউ নিয়ে টানাপোড়েনের জের ধরে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পাড়ি জমান তিনি আল-হিলালে। নতুন ক্লাবের হয়ে প্রথমবার খেলতে নামেন তিনি প্রতিপক্ষের মাঠে। প্রথম গোলের দেখা পান ৩১ মিনিটে। বক্সের ভেতর চমৎকার ব্যাক হিলে বল জালে পাঠান ৩৮ বছর বয়সী তারকা কারিম বেনজেমা।প্রথমার্ধে গোল ছিল ওই একটিই। দ্বিতীয়ার্ধে গোলের জোয়ারে প্রতিপক্ষকে ভাসিয়ে দেয় আল-হিলাল। ৬০ মিনিটে কাছ থেকে নেওয়া শটে দ্বিতীয় গোল পান বেনজেমা। মিনিট চারেক পরই পূর্ণ হয় তার হ্যাটট্রিক।এর ছ’ মিনিট পর ব্রাজিলিয়ান ম্যালকমের গোলটিও বানিয়ে দেন তিনি। ফরাসি ফরোয়ার্ডের আরও ঝলক হয়তো দেখা যেত। কিন্তু ৭১ মিনিটে তুলে নেওয়া হয় কারিম বেনজেমাকে।আল-হিলালের গোল উৎসব তাতে থামেনি।
৭৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান সালেম আল-দসারি। গত বছরের এএফসি বর্ষসেরা ফুটবলার আরেকটি গোল করেন অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে।নতুন ক্লাবে দারুণভাবে শুরু করে উচ্ছ্বসিত বেনজেমা বলেছেন, নতুন আবহে মানিয়ে নিতে তার সময় লাগেনি একটুও।





