কর্নাটকের মুখ্যমন্ত্রীর চড়, ইস্তফা আইপিএস-র

0
161
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ভরা জনসভায় মঞ্চে ডেকে চড় মারার চেষ্টা করা হয় বলে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে সরব হওয়া বেলগাভির অতিরিক্ত পুলিশ সুপার এনভি বরমানি ইস্তফা দিয়েছেন। তিনি বলেছেন,কোনও মতে চড় এড়িয়েছেন। কিন্তু যে ভাবে জনসমক্ষে অপমান করা হয়েছে, তা মেনে নেওয়া সম্ভব নয়। নিজের ইস্তফাপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়েও দিয়েছেন বলে ওই পুলিশকর্তার দাবি।

ঘটনার পর থেকে মানসিক ভাবেও বিপর্যস্ত বলে জানিয়েছেন তিনি।তবে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে খবর।জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ২৮ এপ্রিল। দামবৃদ্ধি নিয়ে কংগ্রেসের একটি প্রতিবাদসভা ছিল বেলগাভিতে। সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সভামঞ্চে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বেলগাভির অতিরিক্ত পুলিশ সুপার ,এএসপি, এনভি বরমানি। মঞ্চের কাছেই বিজেপির কিছু মহিলা কর্মী বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাতে বিরক্ত হন মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতির মুখে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মঞ্চে তখন দাঁড়িয়ে ছিলেন এএসপি বরমানি। তাঁর দাবি,মঞ্চ থেকেই তাঁকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী চিৎকার করে জানতে চান, এখানকার পুলিশ সুপার কে? বেরিয়ে যান এখান থেকে, তার পরই তিনি চড় মারতে উদ্যত হন।

এএসপি এনভি বরমানি’র কথায়, চড় গালে লাগেনি ঠিকই, কিন্তু জনসমক্ষে এই অপমান দু’দিন ধরে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। গোটা রাজ্য, দেশ এই দৃশ্য দেখেছে।এএসপি বরমানি জানিয়েছেন, ৩১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কর্নাটক পুলিশে কাজ করছেন। এই উর্দির সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। মাকে যেমন শ্রদ্ধা করেন, তাঁর উর্দিকেও তেমনই শ্রদ্ধা করেন।