রাহুলের ভোটচুরির অভিযোগে সিট গঠনের নির্দেশ কর্নাটক সরকারের

0
119
ছবি সৌজন্যে : এক্স
রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগে এবার সিট গঠনের নির্দেশ দিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। কংগ্রেস রাহুল গান্ধী দাবি করেছেন, কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ৬ হাজার ভোটচুরি হয়েছে। এরপর ওই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
এবার সেই অভিযোগের তদন্ত শুরু করেছে কর্নাটক সরকার। এর জন্য বিশেষ তদন্তকারী দল গড়া হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা চাঞ্চল্যকর অভিযোগ করলেও যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলেছে নির্বাচন কমিশন। যদিও তারা জানিয়েছে, অলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে।
রাহুল গান্ধীর অভিযোগ, তদন্তে সহযোগিতা করছে না কমিশন। সিআইডির চিঠির উত্তর দিচ্ছে না তারা। জানা গিয়েছে, সিটের তদন্তে নেতৃত্ব দেবেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি। এ ছাড়াও দুই পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। তদন্তের রিপোর্ট তাঁরা আদালতে জমা দেবেন। রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছেও।