তামিলনাডুতে পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

0
129
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতির দলীয় সমাবেশে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর ঘটনায় সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার কারুর পদপিষ্ট কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, দেশের মানুষের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের অধিকার রয়েছে।
শীর্ষ আদালতের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং এনভি আত্মারিয়া একইসঙ্গে গত ২৭ সেপ্টেম্বরের পদপিষ্টের ঘটনায় তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে। প্যানেলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগী। আদালত বিচারপতি রাস্তোগীকে বলেছে, দুজন ভারতীয় পুলিশ অফিসারকে বাছাই করতে, যাঁরা সিবিআই তদন্ত নজরে রাখবেন। উল্লেখ্য, তামিল নায়ক বিজয়ের নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগম এবং অন্যদের নিরপেক্ষ তদন্ত দাবির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। বিজয়ের দল মাদ্রাজ হাইকোর্টের সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হয়েছিল শীর্ষ আদালতের। আদালত বলেছে, ঘটনার বিবরণ ও বাস্তব প্রেক্ষিত দেখে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।
ইস্যুটি দেশের মানুষের সত্য জানার অধিকারে পড়ে। তাই নির্দেশ দেওয়া হচ্ছে যে, এই ঘটনার তদন্ত করুক সিবিআই।