
কসবার ধর্ষণের ঘটনায় সাউথ ক্যালকাটা ল কলেজের ৫৫ বছর বয়সী নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।অন্যদিকে এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম।
নির্যাতিতা অভিযোগপত্রে জানিয়েছিলেন, ঘটনার সময়ে রক্ষী সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি ছিলেন অসহায়। সাক্ষী। রক্ষীর ঘরে নিয়ে গিয়েই তাকে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছেন ওই ছাত্রী। নিরাপত্তারক্ষীকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্রে খবর। শুক্রবার রাতে পলিশ ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। অভিযোগ, তাঁর বয়ানে অসঙ্গতি ছিল। এছাড়া নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। নির্যাতিতা অভিযোগপত্রে মূল অভিযুক্তকে চিহ্নিত করেছেন জে নামে। এছাড়া এম এবং পি নামের দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ইউনিয়ন রুমের ভিতর তাঁর সঙ্গে ধস্তাধস্তি করা হয়।
পরে তাঁকে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন জে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। বাইরে পাহারায় ছিলেন বাকি দু জন। কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাত্রীকে বেরোতে দেওয়া হয়নি। রক্ষীর কাছে তিনি সাহায্য চেয়েও পাননি।






