
কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলিকাণ্ডের মাস্টারমাইন্ড ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। বাইকে করে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় গলসি থেকে গ্রেফতার করা হয়েছে ইকবালকে।
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গলসি থানা পুলিশের নাকা চেকিংয়ের সময়ই ধরা পড়ে গিয়েছে ইকবাল। ইকবাল ওরফে আফরোজ খান ওরফে গুলজার অভিযুক্তদের কলকাতায় সেল্টার দিয়েছিল। গুলিচালানোর ঘটনায় গ্রেফতার যুবরাজ সিং পুলিশের জেরায় জানিয়েছে মাত্র ১০ হাজার টাকার বরাত দিয়েছিল ইকবাল। যুবরাজ এবং এক ট্যাক্সিচালককে গ্রেফতারের পর ইকবালের গতিবিধি সম্পর্কে জানতে পারে পুলিশ। এরপরে সিসিটিভি ফুটেজ, মোবাইলের টাওয়ার লোকেশন দেখে ইকবালের ট্রেস করে লালবাজারের তদন্তকারী অফিসাররা।
জানতে পারে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আসানসোল হয়ে ঝাড়খণ্ড বা বিহারের দিকে পালানোর চেষ্টা করছে। অ্যালার্ট করা হয় বর্ধমানের পুলিশ সুপারকে। এরপরেই গলসিতে নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় ইকবাল।






