
কসবায় ল’কলেজে ছাত্রীকে গণধর্ষণকাণ্ডের তদন্তে কলকাতায় এসে পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধিদলে রয়েছেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ মনন কুমার মিশ্র এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব দেব।
সকালে বেঙ্গালুরু থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিপ্লব দেব। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পরে বেঙ্গালুরু থেকে প্রতিনিধি দলের বাকি সদস্যরা কলকাতায় এসে পৌঁছন। কসবা কাণ্ডের জন্য বিজেপির কেন্দ্রীয় টিমের চার সদস্যই একযোগে রাজ্যকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।বিজেপির প্রতিনিধি দল কসবা কলেজে যাওয়ার পরিকল্পনা করেছে বলে সূত্রের খবর। প্রতিনিধি দলটি নির্যাতিতার পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইছে। এ ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার ও মুখ্যসচিবকে তাঁরা চিঠি দিলেনও প্রশাসনের তরফে এখনও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ বিপ্লব দেবের। যদিও কলকাতা পুলিশ সূত্রের খবর, সোমবার হবে না, মঙ্গলবার প্রতিনিধি দলকে সময় দেওয়া হবে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেছেন, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। যেখানে আইনের পাঠ দেওয়া হয়, সেখানেও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। মানুষ আজ নিরাপত্তাহীন। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, উনি অন্য রাজ্যে প্রতিনিধি দল পাঠাবেন, অথচ পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিনিধি দল এলে বাধা দেওয়া হবে।
এটা কোন নিয়ম? সত্যপাল সিং বলেছেন, পশ্চিমবঙ্গের আজকের দিনে কলেজ, হাসপাতাল, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানও অপরাধমুক্ত নয়। নির্যাতিতার জন্য সুবিচার হবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে।
