
সোমবার থেকে খুলছে কসবার সাউথ ক্যালকাটা ল’কলেজ। ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, সেই ঘটনায় কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র এবং আরও দুই ছাত্র জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় গ্রেফতার হতেই ২৯ জুন নোটিস দিয়ে কলেজ বন্ধের ঘোষণা করা হয়।
ইতিমধ্যে সেই ঘটনার জল অনেকদূর গড়িয়েছে। অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে। কিন্তু কলেজ বন্ধের ঘোষণায় ছাত্রছাত্রীদের পঠনপাঠন নিয়ে প্রশ্ন উঠতে সোমবার কলেজ খোলার সিদ্ধান্ত-র কথা জানায় গভর্নিং বডি। কলেজ খুললেও মঙ্গলবার থেকে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে। সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। প্রথম সেমিস্টারের যে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেননি তাদেরকে সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে তাদের আইডি কার্ড ও প্রয়োজনীয় নথি নিয়ে কলেজে আসতে বলা হয়েছে।
অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রীদের ১টায় কলেজে আসতে বলা হয়েছে প্রজেক্টের পেপার জমা দিতে। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে আই কার্ড ছাড়া কোনও ছাত্রছাত্রীকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যে নিরাপত্তারক্ষী, সিসিক্যামেরার বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে।




