চিল্লাই কালানের প্রথমদিনই বরফে ঢাকল কাশ্মীর

0
170
ছবি সৌজন্যে : এক্স
শীতের শুরুতেই বহু প্রতীক্ষার অবসান। চিলাই-কালান শুরু হতেই মরশুমের প্রথম তুষারপাত দেখল কাশ্মীর। হাড় কাঁপানো শীতের সঙ্গে জলসংকট, ধুলো-মাখা বাতাস আর পর্যটন-মন্দা-সব কিছুর মধ্যেই যেভাবে শনিবার রাতে বরফের চাদরে ঢাকল কাশ্মীর, তা মুখে হাসি ফোটাচ্ছে সেখানকার মানুষজনের।
প্রথম তুষারপাতের খবর এসেছে গুরেজ, ওয়ারওয়ান উপত্যকা এবং দক্ষিণ ও উত্তর কাশ্মীরের উঁচু এলাকা থেকে। তুষারে ঢেকেছে সিন্থান টপ, রাজদান পাস, সাধনা টপ, জোজিলা ও সোনমার্গ। শুধু কাশ্মীর নয়, ড্রাস ও কার্গিল জেলার একাংশেও নতুন তুষারপাত রেকর্ড হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম দীর্ঘ শুষ্ক আবহাওয়া ছিল এবার। প্রায় দু’মাস ধরে কোনও বৃষ্টি বা তুষারপাত না হওয়ায় নদী, ঝরনা ও প্রাকৃতিক ঝর্ণাগুলির জলস্তর ভয়াবহভাবে কমে গিয়েছিল। শুষ্ক ঠান্ডা আরও তীব্র হয়ে উঠেছিল, বাড়ছিল জলাভাবের আশঙ্কা। সেই জায়গায় দাঁড়িয়ে এই তুষারপাত অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, রবিবার থেকে জম্মু ও কাশ্মীর-এর উঁচু এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে এই তুষার-বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে উঁচু পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।