
পশ্চিমবঙ্গ যখন গরমে পুড়ছে তখন বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর।সোমবার কাশ্মীরের সোনমার্গে নেমেছে বরফধস।
বরফে ঢেকে রয়েছে গুলমার্গও। ভারী বৃষ্টির কারণে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ধস নেমেছে। ধসের কারণে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। যার জেরে বিপাকে পড়েছেন বহু মানুষ। পণ্য পরিবহণেও সমস্যা হচ্ছে।কাশ্মীরে বরফ ধসের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এস নিউজ তার সত্যতা যাচাই করেনি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সোনমার্গে পাহাড় বেয়ে নামছে বরফ। পাহাড়ের পাদদেশে থাকা ছুটে পালাচ্ছেন। উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে ধস নেমে মাটিতে মিশে গিয়েছে একটি বাড়ি। জম্মু, পুঞ্চ এবং রাজৌরিকে কাশ্মীরের সোপিয়ান জেলার সঙ্গে জুড়েছে মুঘল রোড। পির কি গলি এবং সংলগ্ন এলাকায় তুষারপাতের কারণে ওই রাস্তা গত তিন দিন ধরে বন্ধ। মৌসম ভবন জানিয়েছে, গত ৭২ ঘণ্টা ধরে বৃষ্টির কারণে জম্মু ও কাশ্মীরের সব নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আগাম ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। বৃষ্টি, ধসের কারণে জম্মু ও কাশ্মীরের বহু স্কুল বন্ধ।








