
মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লার শপথ নেওয়ার পরেই জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। জম্মু-কাশ্মীরের কলেজের অধ্যাপক জহুর আহমেদ এবং সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক মামলাটি দায়ের করেছেন।
তাদের দাবি, কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে দ্রুত পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিলেও সে নিয়ে এখনও কার্যকরী কোনও পদক্ষেপ করা হয়নি। তাই অবিলম্বে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরা উচিত। বৃহস্পতিবার বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলাটি শুনতে রাজি হয়েছেন।এদিকে, ওমর আবদুল্লা জম্মু-কাশ্মীরের নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েই কেন্দ্রীয় সরকারকে বিশেষ মর্যাদা ফেরানোর দাবির কথা মনে করিয়েছেন।
এমনকী কংগ্রেস পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরকারে সরাসরি যোগ না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের বক্তব্য, দল ৩৭০ ধারা ফেরাতে বদ্ধপরিকর।
ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া








