
আগামী মাসেই দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা। সব ঠিক থাকলে বাংলা নববর্ষের ক দিন পরেই ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস।রেল সূত্রের খবর,কাটরা থেকে শ্রীনগর রেলপথের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটরায় উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
ওই দিনই প্রধানমন্ত্রী কাটরায় একটি জনসভা করবেন এবং বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু চিনাব ব্রিজ পর্যবেক্ষণে যাবেন। উল্লেখ্য গত বছরের শেষদিকেই হয়ে গিয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ বিস্তার, বিভিন্ন টানেল ও সবথেকে গুরুত্বপূর্ণ চিনাব ব্রিজের কাজ। আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই ব্রিজ হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু।
শুরুতে ঠিক ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাবের উদ্বোধন।যার সঙ্গে ভারতীয় রেলের মানচিত্রে জুড়ে যাবে কাশ্মীরও। প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকলেও সেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেনি রেল। তারপর গত বছরের শেষ দিকেই অবশ্য তা সম্পন্ন হয়ে যায়।
