লক্ষ্মীপুজোয় সাধ খেলেন ক্যাটরিনা

0
165
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

তিথি অনুযায়ী সোমবার ছিল কোজাগরী লক্ষ্মীপুজো।ঘরে ঘরে যখন দেবী কমলার আরাধনা চলছে, তখন এই শুভ দিনটিকেই সাধের অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা।

কানাঘুষো, সোম-রাতেই ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খেয়েছেন কৌশলদের লক্ষ্মীমন্ত বউমা, ক্যাটরিনা।উল্লেখ্য কৌশল পরিবারের বউমা হওয়ার পর থেকেই ধর্মে-কর্মে মন ক্যাট সুন্দরীর। সন্তান আগমনের খবর দিতে গিয়েও তাই ঈশ্বরের শরণাপন্ন হয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। ২৩ সেপ্টেম্বর ওম মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দেন বলিউডের তারকাদম্পতি। তার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা।এর মধ্যেই খবর চলতি মাসেই দুই থেকে তিন হচ্ছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তার প্রাক্কালেই জমজমাট সাধের অনুষ্ঠান জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। খবর, হাতে গোনা ক’জন বন্ধুবান্ধব, স্বজন নিয়ে একেবারে পারিবারিক বৃত্তেই সাধভক্ষণের অনুষ্ঠান হয়েছে রাতে। তবে আমন্ত্রিতের সংখ্যা কম হলেও উদরপূর্তির আয়োজনে কোনও খামতি ছিল না। ক্যাটরিনার সাধের রান্নার দায়ভার বর্তেছিল সেলেব্রিটি শেফ শিলার্না ভাজের উপর। তারকামহলে যিনি রাঁধুনি হিসেবে বেজায় জনপ্রিয়।তাঁর রান্নার গুনগানও ফেরে সেলেবদের মুখে মুখে।জানা গিয়েছে, ক্যাটরিনার সাধের অনুষ্ঠানের ক্যাটারিং তিনিই করছেন।এদিকে,দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, নবরাত্রির পর ক্যাটরিনার সাধভক্ষণের অনুষ্ঠান হবে। উপরন্তু সেই জল্পনার পালে হাওয়া দেয় সোমবার দুপুরে সেলেব্রিটি শেফ শিলার্নার একটি পোস্ট। ছবি শেয়ার করে তিনি লেখেন, কার সাধের অনুষ্ঠান বলো তো?

চোখেমুখে তাঁর একরাশ উচ্ছ্বাস। সেই ছবি ভাইরাল হওয়ার পরই দুয়ে দুয়ে চার করেন সকলে। যদিও পরিবারের সকলের মুখে কুলুপ সাধের অনুষ্ঠান নিয়ে। সূত্রের খবর, ভিকি-ক্যাটরিনা একেবারেই বিষয়টিকে পাঁচ কান করতে চাইছেন না।জানা গেছে অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই যাবতীয় বিষয় নিয়ে মুখ খুলবেন তাঁরা।