
মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ জন মহিলা। তারা সফলভাবে মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন। আমেরিকার পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেছেন তারা। জানা গেছে, কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন,জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানচেজ, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ ইঞ্জিনিয়ার আয়েশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।বলা হচ্ছে,মহাকাশে থাকাকালীন তারা প্রায় তিন মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান।এ ছাড়া ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। এরপর তিনটি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে।রকেটটি পৃথিবী থেকে সর্বোচ্চ একশ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়, যেখানে ক্যাপসুলটি কারমান লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে কার্যত মহাকাশে প্রবেশ করেছেন মহিলারা। আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসাবে স্বীকৃত কারমান লাইন।তবে মহাকাশে ভ্রমণকারী এ পাঁচজন মহিলাকে নভোচারী হিসেবে শ্রেণিবদ্ধ করবে না আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন সামরিক বাহিনী। কারণ, তাদের সবারই নভোচারী হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অভাব রয়েছে।মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি জানিয়েছেন, তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অনুভব করছেন।
এ অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন।তিনি আরো জানিয়েছেন, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা।এটি অজানার কাছে আত্মসমর্পণ। এ যাত্রা অনেক বেশি উপভোগ করেছেন জানিয়ে কেটি পেরি আরো জানিয়েছেন, এর চেয়ে ভালো কিছুর জন্য তিনি আর সুপারিশ করতে পারেন না।
