
১০ জনের দলে পরিণত হওয়া সেলটা ভিগোর বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছে অলিম্পিক লিঁও। ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে সমতাসূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা এনদ্রিক।
লিগ পর্বে শীর্ষস্থান দখল করে শেষ ষোলোতে উঠেছিল লিঁও। তবে সাম্প্রতিক ফর্মে এগিয়ে ছিল সেলতা, আর ম্যাচের শুরুতেই সেই ছাপ দেখা যায় তাদের খেলায়।প্রথম উল্লেখযোগ্য আক্রমণটি করে সেলতাই।বোরহা ইগলেসিয়াস গোলমুখে প্রথম শট নেন। এরপর প্রথম গোলের দেখাও পায় স্বাগতিক দল।লিঁওর আক্রমণের বিপরীতে দ্রুত পাল্টা আক্রমণে উঠে বাম দিক দিয়ে এগিয়ে যান উইলিয়ট সুইডবার্গ।তার বাড়ানো বল পেয়ে বক্সের মাঝখান থেকে জোরালো শটে সেলটার হয়ে গোল করেন হাভিয়ের রুয়েদা।গোল হজম করার পর লিঁও কিছুটা চাপে পড়ে। তবে বলের দখল ধীরে ধীরে নিজেদের দিকে টেনে নেয় তারা এবং কয়েকবার এনদ্রিকের মাধ্যমে আক্রমণ গড়ে তোলে।দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়।বলের দখলে লিঁওর আধিপত্য আরো বাড়তে থাকে।ম্যাচের মোড় ঘুরে যায় সেলটার খেলোয়াড় ইগলেসিয়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। এতে শেষ ৩৫ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।এরপর একের পর এক আক্রমণ চালায় লিঁও। তবে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় গোলরক্ষক ইয়োনুত রাডু।তবে শেষ দিকে এসে আর দলকে রক্ষা করতে পারেননি রোমানিয়ান গোলরক্ষক। দূর থেকে নেওয়া এনদ্রিকের জোরাল নিচু শটের শক্তি সামলাতে পারেননি তিনি। ফলে শেষ মুহূর্তে গোল হজম করে সমতায় ম্যাচ শেষ করতে হয় সেলটাকে।
আগামী সপ্তাহে দ্বিতীয় লেগ খেলতে তাদের যেতে হবে ফ্রান্সে। সেই ম্যাচে ইগলেসিয়াসের নিষেধাজ্ঞাও ভুগাতে পারে সেলটা ভিগোকে।
