
আবগারি কেলেঙ্কারিতে মুক্তি পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ার। বলেছেন, রাজধানীতে আবার নির্বাচন হোক,বিজেপি ১০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন।
এর আগে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে মুক্তি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে়, দিল্লির তথাকথিত বিতর্কিত আবগারি নীতিতে কোনওরকম অপরাধমূলক উদ্দেশ্য বা ষড়যন্ত্র ছিল না। তা প্রমাণ করতে পারেনি সিবিআই। এরপরই সংবাদিক বৈঠক করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেছেন, গোটা দিল্লি ধ্বংস হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমতার লোভের সবচেয়ে বড় পরিণতি দিল্লির তিন কোটি মানুষ ভোগ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন,যদি সাহস থাকে, তাহলে আবার দিল্লিতে নির্বাচন করুন। বিজেপি যদি ১০টির বেশি আসন পায়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। দিল্লির মানুষ আপনাদের উপর বিরক্ত।উল্লেখ্য,২০২৫ দিল্লি বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু ছিল আবগারি দুর্নীতি।
বিজেপির অভিযোগ ছিল, দিল্লিতে আপ যে আবগারি নীতি চালু করেছিল তা রাজধানীর কোষাগারে বড় ধাক্কা দিয়েছে। অন্তত ২ হাজার ২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। তাতে মূল অভিযুক্ত হিসাবে তুলে ধরা হয়েছিল কেজরিওয়াল ও সিসোদিয়াকে। সব মিলিয়ে ২৩ জনকে এই মামলায় অভিযুক্ত করে সিবিআই। সরাসরি অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে আম আদমি পার্টিকে। যা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই মামলায় জেলে যেতে হয় কেজরিওয়ালকে।









