
আগামী দু’দিনের মধ্যে সরকারি বাসভবন ছাড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। শুক্রবারই নতুন বাড়িতে পা রাখছেন তিনি।
মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ছাড়ছেন এতদিন যাবৎ পাওয়া যাবতীয় সরকারি সুবিধাও। নিরাপত্তার কথা ভেবে আম আদমি পার্টির নেতারা বারণ করলেও শোনেননি অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, ঈশ্বর তাঁকে রক্ষা করবেন। এবার জানা গিয়েছে, শুক্রবারই সরকারি নিবাস ছেড়ে নতুন বাড়িতে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৭ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সন্ধ্যায় দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তাঁর হাতে তুলে দিয়েছেন। সেই সঙ্গে আপ সাংসদ সঞ্জয় সিং জানিয়ে দেন, পরবর্তী এক সপ্তাহের মধ্যে সরকারি বাসভবনও ছাড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই অরবিন্দ কেজরিওয়ালের জন্য সরকারি বাসভবনের দাবিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি লিখেছিল আপ। দলের তরফে সাংসদ রাঘব চড্ডা দাবি করেন, একটি জাতীয় দলের আহ্বায়ক হিসাবে এই অধিকার তাঁর প্রাপ্য। কারণ, অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তার প্রশ্নও রয়েছে। তাছাড়া, প্রতিটি জাতীয় দলই দিল্লি থেকে কাজ করার জন্য একটি অফিসঘর পায়। দলীয় প্রধানের জন্য একটি বাসভবনও দেওয়া হয়।




