
মহিলাদের পর এবার দিল্লির পুরোহিতদের জন্য মাসিক ১৮ হাজার টাকা ভাতার ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, আপ যদি আবার দিল্লিতে ক্ষমতায় আসে তবে পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। শুধু পুরোহিতদের নয়, গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ দেওয়া হবে। পুরোহিত এবং গ্রন্থিরা ধর্মীয় রীতিনীতির রক্ষক। তাঁরা নিঃস্বার্থভাবে সমাজের সেবা করে আসছেন। দুর্ভাগ্যবশত, কেউ কখনও তাদের আর্থিক নিরাপত্তার ব্যাপারে ভাবেননি। মঙ্গলবার থেকে নতুন প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। তিনি নিজে হনুমান মন্দিরে গিয়ে এই প্রক্রিয়ার সূচনা করবেন। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে আপ প্রধান বলেছেন, বিজেপিকে অনুরোধ করছেন, নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি যেন না করে।অরবিন্দ কেজরিওয়ালের নতুন প্রকল্প দিল্লিবাসীর জন্য জনকল্যাণমূলক পরিকল্পনার ধারাবাহিকতা।
আপ প্রধান ইতিমধ্যেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য সঞ্জীবনী যোজনা প্রকল্পের ঘোষণা করেছেন।এছাড়াও মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা নামে আরও একটি প্রকল্পের ঘোষণাও করেছে আপ। দিল্লির সরকার এই প্রকল্পের আওতায় ১৮ বছরের বেশি বয়সি দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।








