
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অবরিন্দ কেজরিওয়ালের জামিনের বিশেষ আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে আদালত ৭৫ হাজার টাকা জরিমানাও করেছে আবেদনকারীকে।
অরবিন্দ কেজরিওয়ালের জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আবেদনকারীর পক্ষে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা হোক। কিন্তু সেই আবেদন শুনলই না আদালত। সোমবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রীতম সিংয়ের ডিভিশন জানিয়েছে, আবেদনকারী আর্জি পুরো ভিত্তিহীন। কেন অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হবে, তার সপক্ষে তেমন কোনও যুক্তি নেই।আবেদনকারী কী ভাবে এহেন জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন জানিয়েছেন, এই জনস্বার্থ মামলা দায়ের করার জন্য আবেদনকারীর কাছে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে কোনও ওকালতনামা ছিল না।আবেদনকারীর পক্ষে আদালতে বলা হয়, তিহাড় জেলে অনেক দাগী আসামি সাজা ভোগ করছেন।এই ধরনের পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন ব্যক্তির থাকা ঠিক নয়। তাঁর প্রাণসংশয় দেখা দিতে পারে। মামলাকারী ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন করেন।








