
করোনা টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকেই আমেরিকার পরবর্তী স্বাস্থ্যসচিব করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই প্রশাসনিক স্তরে একাধিক নিয়োগ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
এবার আমেরিকার স্বাস্থ্য দফতরের শীর্ষে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নির্বাচিত করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনে স্বাস্থ্য এবং পরিষেবামূলক দফতরের দায়িত্বে থাকবেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। ঘটনাচক্রে তিনি বরাবর করোনা টিকা-বিরোধী বলেই পরিচিত। বহুবার তাঁকে বলতে শোনা গিয়েছে, টিকা নিলে অটিজম এবং অন্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত হতে হয়। আমেরিকার স্বাস্থ্যসচিব হিসাবে তাই রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিযুক্ত করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিয়োগ করার কথা জানিয়েছেন ডোনাল ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, বহুদিন ধরে আমেরিকার বাসিন্দারা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির ভুল তথ্যের দ্বারা বিভ্রান্ত। রবার্ট এফ কেনেডি জুনিয়র অতিমারির অবসান ঘটাবেন। আমেরিকাকে আবার মহান এবং স্বাস্থ্যবান করে তুলবেন। পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রবার্ট এফ কেনেডি জুনিয়রও।
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অনুসরণ করে বলেছেন, তাঁরা দু’জনে আবার আমেরিকাকে স্বাস্থ্যবান করে টুবেন। আমেরিকার বাসিন্দাদের স্বচ্ছতার সঙ্গে সব তথ্য তুলে দেবেন, যাতে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করতে পারেন।








