
উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে ২২ জন সাংসদের সই জাল করে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন কেরালার জ্যাকব জোসেফ নামে এক ব্যক্তি।
২২ জন সাংসদের সই-সহ মনোনয়ন জমা পড়ার পর স্কুটিনির সময় দেখা যায় সেখানে সাক্ষর রয়েছে ওয়াইএসআরসিপি সাংসদ মিথুন রেড্ডির। তাতেই সন্দেহ হয় তদন্তকারীদের। কারণ রেড্ডি বর্তমানে জেলবন্দি। এরপরই বিষয়টি রাজ্যসভার সচিবের নজরে আনা হয়। বিষয়টি নিয়ে খোঁজখবর করতেই জানা যায়, সেখানে বাকি যেসব সাংসদদের সাক্ষর রয়েছে সেগুলিও জাল। এরপরই বাতিল করা হয় মনোনয়ন। বিষয়টি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জালিয়াতি প্রকাশ্যে আসার পর অভিযুক্তের মনোনয়ন বাতিল করার পাশাপাশি তাঁর কড়া পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে। জগদীপ ধনকড়ের ইস্তফার পর আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। যেখানে এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ ও বিরোধীদের প্রার্থী সুদর্শন রেড্ডি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ অগাস্ট।
এই সময়কালে ৪৬ জন প্রার্থীর তরফে ৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। যার মধ্যে ১৯ প্রার্থীর ২৮টি মনোনয়ন খারিজ করা হয়েছে।








