
এবার বর্ষীয়ান মালয়ালম অভিনেতা সিদ্দিক-এর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কেরল পুলিশ।
কেরল হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন নাকচ হওয়ার পর সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন ধর্ষণে অভিযুক্ত অভিনেতা। সেই রায়ের আগেই তাঁর বিরুদ্ধে হেমা কমিটির রিপোর্টের পর এক অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা করে তদন্তকারী বিশেষ দল।লুক আউট নোটিসটি সব জেলা সদরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ ৬১ বছর বর্ষীয় অভিনেতা সিদ্দিক রাজ্য ছেড়ে পালিয়ে যেতে পারেন। গত ২ দিন তাঁর ফোন বন্ধ থাকার পর বুধবার কিছুক্ষণের জন্য বাজলেও তারপর থেকে ফের বন্ধ রয়েছে। পুলিশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সব থানায় সিদ্দিকের ছবি-সহ নোটিসটি টাঙিয়ে দিতে। যে অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তিনি এখন সিদ্দিকের নিখোঁজের কারণে আশঙ্কায় ভুগছেন বলে পুলিশকে জানিয়েছেন। তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। প্রসঙ্গত, ধর্ষণের অভিযোগ ওঠার পরই সিদ্দিক মালয়ালম চলচ্চিত্র সংগঠন আম্মার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন।
