
নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনার তদন্তে নেমে এবার সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত। পিভি কুলকর্নি নামে পুণের বাসিন্দা এক শিক্ষককে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ইনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং এনটিএ-র তরফে নেওয়া নিট পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন।
বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কর্মরত। আধিকারিকদের মতে, কুলকর্নি আসলে মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। বেশ কয়েকবছর ধরে নিটের প্রশ্নপত্র প্রস্তুতকারী কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রশ্নফাঁসের বিরাট চক্র তৈরি করা হয়েছিল। রিপোর্ট বলছে, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে নিজের বাড়িতে একটি কোচিং ক্লাসের আয়োজন করেন ওই অভিযুক্ত।
এখানে তিনি আর এক অভিযুক্ত মনীষা ওয়াঘমারের সাহায্য নেন। ১৪ মে মনীষাকে গ্রেফতার করে সিবিআই। দাবি করা হচ্ছে, এই কোচিংয়ে কুলকর্নি নিটের প্রশ্ন ও উত্তর বিস্তারিতভাবে জানিয়ে দেন। পরে দেখা যায়, ৩ মে নিটের যে পরীক্ষা হয়েছিল সেখানে আসা প্রশ্নের সঙ্গে তা হুবহু মিলে গিয়েছে। এদিকে নিটের প্রশ্ন ফাঁস হওয়ার পর শুক্রবারই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, যেসব মাফিয়া চক্র বারবার প্রশ্ন ফাঁস করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।






