
ফ্রাইড চিকেন রেস্তোরাঁ জায়ান্ট কেএফসির সদরদপ্তর আমেরিকার কেন্টাকি থেকে টেক্সাসে সরিয়ে নেওয়া হবে।রেস্তোরাঁটির মূল প্রতিষ্ঠান ইয়াম ব্র্যান্ডস এ ঘোষণা করেছে।বলা হচ্ছে,কেন্টাকির লুইসভিল থেকে কেএফসি ও পিৎজা হাটের সদরদপ্তর টেক্সাসের প্লানোতে স্থানান্তরিত হচ্ছে। ৯৫ বছর বয়সী এই কম্পানির জন্য এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
উল্লেখ্য,কম্পানিটি যাত্রা শুরু করেছিল কেন্টাকি শহরের একটি মোটেল থেকে। ১৫০টি দেশে তাদের ৩০ হাজারের মতো রেস্তোরাঁ রয়েছে।বলা হচ্ছে,এই স্থানান্তরটি ইয়ামের রেস্তোরাঁর জন্য মাত্র দুটি মার্কিন সদর দপ্তর রাখার বৃহত্তর পরিকল্পনার অংশ,যার মধ্যে রয়েছে ইরভিন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক টাকো বেল এবং হ্যাবিট বার্গার। তারা আরো জানিয়েছে, প্লানোতে পিৎজা হাটের সঙ্গে কেএফসির অফিস একত্রিত করলে ব্র্যান্ড এবং কর্মচারীদের মধ্যে আরো বেশি সহযোগিতা বৃদ্ধি পাবে।তবে কেএফসি সম্পূর্ণরূপে তার জন্মস্থান ত্যাগ করছে না।
লুইসভিলে নির্মিত হতে যাওয়া প্রথম ফ্ল্যাগশিপ রেস্তোরাঁ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। তবে,এই প্রস্থানের খবরে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। তিনি এক বিবৃতিতে বলেছেন, তিনি এই সিদ্ধান্তে হতাশ এবং তিনি বিশ্বাস করেন, ফাস্ট ফুড চিকেন রেস্টুরেন্ট চেইন কেন্টাকি ফ্রাইড চিকেনের প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সও হতাশ হতেন।
