
নারী পাচার চক্রের গল্প তুলে ধরতে আসছে নতুন সিনেমা খাঁচা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্প নিয়ে গত বছর অনির্বাণ তৈরি করেছিলেন ও অভাগী।
নতুন বছরে এবার নারী পাচার চক্র নিয়ে আসছে নতুন ছবি খাঁচা। ভরপুর রহস্য, অ্যাকশনে মোরা এই ছবি দিতে চলেছে সামাজিক বার্তাও।গল্পে দরিদ্র গ্রাম টিয়াবন দেখতে আপাত দৃষ্টিতে শান্ত। পুলিশের খাতাতেও কোনও ব্যাপারেই খুব একটা অভিযোগ জমা পড়ে না। তবে গভীরভাবে কান পাতলে বোঝা যায়, শান্ত জায়গা মোটেও শান্তিতে নেই। এক বিরাট ষড়যন্ত্র চলছে গোটা এলাকা জুড়ে। গত ৩০ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের ব্যবসার নামে এক বিরাট নারী পাচার চক্র চালায় বিশ্বম্ভর বিশ্বাস এবং তার প্রথম স্ত্রী মীনাক্ষী দেবী। ওই গ্রামেরই ছেলে কমলেশ। ছোটবেলায় তার দিদি পাচারচক্রের হাতে পড়ে। দিদিকে সে আজও খুঁজে পায়নি। তার লড়াই চলছে অপরাধীদের বিরুদ্ধে। সে কী পারবে সত্যিটা খুঁজে বের করতে। অপরাধীদের মুখোশ খুলে যোগ্য শাস্তি দিতে পারবে কি সে, এই উত্তর দেবে খাঁচা। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মৃন্ময়, রজতাভ দত্ত, মীর আফসার আলি, কাঞ্চনা মৈত্র, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, প্রত্যুষা পাল। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী। ক্যামেরায় রয়েছেন মলয় মণ্ডল। গায়ক সিদ্ধার্থ রায় (সিধূ) ও দুর্নিবার।
সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায় এবং অমিত। স্বভূমী এন্টারটেন্মেন্ট ও ডঃ প্রবীর ভৌমিকের আগামী নিবেদন, সিনেবাপ এন্টারটেইনমেন্টের সহ প্রযোজিত খাঁচা।
