
আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ। দুই তারকার সঙ্গে আরো থাকছেন একঝাঁক গুণী ও জনপ্রিয় তারকা।
আসছে,খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার। নেটফ্লিক্সের ইভেন্ট থেকে সিরিজটির প্রথম টিজার আসতেই রীতিমতো নড়েচড়ে বসেছে সিনেমাপ্রেমীরা। দু’ দিন আগেই একটি পোস্ট দেখে জোরালো হয়েছিল সম্ভাবনা।আর সেটাই সত্যি প্রমাণিত হল। ২০১৮ সালের পর,ফের একসঙ্গে কাজ করতে চলেছেন বাংলার দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ। নেটফ্লিক্সের ২০২৫-এর লাইন আপে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এ বাংলার চার বড় তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রতকে দেখা যাবে।এটি নির্মাণ করেছেন বলিউডের তারকা নির্মাতা নীরজ পাণ্ডে।নীরজের এই সিরিজে ২০০০ সালের গোড়ার দিকের কলকাতার ছবি, তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুলিশের টানাপড়েন ফুটে উঠবে পর্দায়। খাকি : দ্য বিহার চ্যাপ্টারের মতো এটিও একটি ক্রাইম থ্রিলার।গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে বাংলারই সব তারকাদের। চার তারকা বাদেও ঋত্বিক ভৌমিক, আদিল খান, চিত্রাঙ্গদা সিং,পূজা চোপড়া, আকাঙ্ক্ষা সিং,মিমো চক্রবর্তী এবং শ্রদ্ধা দাসের মতো তারকারা অভিনয় করেছেন।সিরিজটির নির্মাতা নীরজ পাণ্ডে বলেছেন, এই সিরিজে থাকবে কলকাতার ব্যস্ত রাস্তা, নতুন মুখ, নতুন দ্বন্দ্ব। এমন একটি গল্প দেখবেন যা খুব তীব্র আবার ততটাই আপন বলে মনে হবে।তবে খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে দর্শকদের উন্মাদনার যেন কোনো শেষ নেই।
ইতিমধ্যে টিজারটি দুর্দান্ত সাড়া ফেলেছে।এটি দেখার জন্য আর তর সইছে না, সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্যও করতে দেখা গেছে অনেক সিনেমাপ্রেমীর।এখন শুধু মুক্তির অপেক্ষা।
