তিন আসনে অসুস্থ খালেদা, মনোনয়ন দিলেন তারেকও

0
115
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার। কিন্তু অসুস্থ খালেদা আদৌ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এই পরিস্থিতিতে তিনটি আসনের জন্য বিকল্প প্রার্থীদের,ডামি ক্যান্ডিডেট বেছে রাখল বিএনপি। সোমবার খালেদা-পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফেও মনোনয়ন জমা দেওয়া হয়েছে।ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩, এই তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে অসুস্থ খালেদার।বাংলাদেশের নির্বাচন কমিশন প্রকাশিত ভোট-নির্ঘণ্ট অনুযায়ী, সোমবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিকে অসুস্থ খালেদা দীর্ঘ দিন ধরেই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।এই পরিস্থিতিতে তাঁর হয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি-র অন্য নেতারা। অন্যদিকে বেগম খালেদার শারীরিক পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি সঙ্কটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড। এর মধ্যে সোমবার ঢাকা-১৭ আসনের বিএনপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তারেক। দুপুরে ঢাকার বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার দফতরে গিয়ে তাঁর হয়ে মনোনয়ন জমা দেন বিএনপি নেতারা।

দেশে ফেরার পর ঢাকা-১৭ কেন্দ্রেরই ভোটার হয়েছেন তারেক। গুলশান, বনানী, বারিধারা-সহ বাংলাদেশের রাজধানীর বেশ কয়েকটি অভিজাত এলাকা এই কেন্দ্রের অন্তর্ভুক্ত। ঢাকা-১৭ আসনের পাশাপাশি পৈতৃক এলাকা বগুড়ার সদর আসন থেকেও বিএনপি প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা।