
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে এক প্রেসব্রিফিংয়ে ডা. জাহিদ বাংলাদেশবাসীকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান।খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।উল্লেখ্য ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি,ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভা শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি,ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ আছে।
