
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। দেশে চলতি পরিস্থিতিতে খালেদার মৃত্যু বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন হাসিনা পুত্র।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জয়। এর আগে শোক জানান শেখ হাসিনা। শেখ হাসিনার পুত্র বলেছেন, দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।
অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন।







