
দিল্লির সিআরপিএফ স্কুলের সামনের বিস্ফোরণে সম্ভাব্য খলিস্তানি যোগ নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। মেসেজিং অ্যাপ টেলিগ্রাম-এর একটি প্রোফাইলের দিকেও নজর রয়েছে দিল্লি পুলিশের।
প্রোফাইলের নাম জাস্টিস লিগ ইন্ডিয়া। সূত্রের খবর, ওই টেলিগ্রাম হ্যান্ডল থেকেই বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল। ওই প্রোফাইলের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গেও। তবে এখনও পর্যন্ত মেসেজিং অ্যাপের তরফে কোনও জবাব পায়নি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ সূত্রে খবর, সম্ভব্য সবদিক তদন্তের আওতায় রাখা হচ্ছে। সেই সূত্র ধরেও ওই টেলিগ্রাম হ্যান্ডলের নেপথ্যে কে বা কারা রয়েছেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণের সময়ের একটি ভিডিও ক্লিপ ওই টেলিগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল। সঙ্গে খলিস্তানপন্থী স্লোগানও লেখা হয়েছিল। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই বিস্ফোরণের মাধ্যমে দুষ্কৃতীরা প্রশাসনকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে।
প্রসঙ্গত, এই বিস্ফোরণের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়ে। এই পোস্টের বিষয়েও তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।







