
সফল অস্ত্রোপচারের পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।
কংগ্রেস দল নিশ্চিত করেছে, মল্লিকার্জুন খাড়গে বর্তমানে স্থিতিশীল এবং ধীরে ধীরে রাজনীতির ময়দানে ফিরবেন। হাসপাতাল থেকে ছাড়ার পর সমর্থক ও দলের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। এক্স হ্যান্ডেল এ লিখেছেন, কংগ্রেসের কর্মী, নেতা ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। শীঘ্রই কাজের সূচি শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তাঁর ছেলে তথা কর্নাটকের আইটি মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার থেকেই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ শুরু করতে পারবেন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কংগ্রেস নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করে সুস্থতার কামনা করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, দাবি প্রধানমন্ত্রীর।








