
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে গিয়ে বর্ণবাদী স্টেরিওটাইপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান খাজা। ৩৯ বছর বয়সী ক্রিকেটার জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারজুড়ে তাকে জাতিগত ছাঁচে বিচার করা হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন খাজা। রোববার সিডনিতে শুরু হতে যাওয়া ম্যাচটি হবে তার ৮৮তম টেস্ট।একই মাঠে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার।পাকিস্তানে জন্ম নেওয়া খাজা অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার।১৫ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে রিকি পন্টিংয়ের জায়গায় দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। অবসরের ঘোষণাকালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত আবেগঘন সংবাদ সম্মেলনে খাজা বলেন, আমি একজন গর্বিত মুসলিম,পাকিস্তানে জন্ম নেওয়া রঙিন মানুষ,যাকে বলা হয়েছিল,সে কখনো অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে খেলতে পারবে না।স্ত্রী, দুই কন্যা ও বাবা-মায়ের উপস্থিতিতে প্রায় ৫০ মিনিটের সংবাদ সম্মেলনে খাজা সাম্প্রতিক সমালোচনার প্রসঙ্গ টানেন। সিরিজের শুরুতে প্রথম টেস্টের আগের দিন গলফ খেলতে গিয়ে পিঠের চোটে পড়েন তিনি। এ নিয়ে তার প্রস্তুতি ও পেশাদারত্ব নিয়ে কঠোর সমালোচনা হয়।খাজা বলেন, বলা হয়েছে,আমি অলস, দলের প্রতি দায়বদ্ধ নই, শুধু নিজের কথা ভাবি।
এগুলো সেই একই বর্ণবাদী স্টেরিওটাইপ, যেগুলোর সঙ্গে আমি সারা জীবন লড়ে এসেছি।তিনি বলেছেন, অনেকে ম্যাচের আগের দিন গলফ খেলে বা এমনকি রাতভর মদ্যপান করেও চোটে পড়েছে, তখন কিছুই বলা হয়নি। ওরা হলে বলা হয়—,অস্ট্রেলিয়ার নাদান বাচ্চা।
