
মালদহে বন্যা বিপর্যস্তদের জন্য দেওয়া খাবারের টাকাও লটের অভিযোগ। খোদ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।
অভিযোগ দফায় দফায় ভুয়ো বিল বানিয়ে বন্যা বিপর্যয় কেন্দ্রের ১৫তম অর্থ কমিশনের টাকা, স্বচ্ছ ভারত মিশনের টাকা নয়ছয় করা হয়েছে। মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বাসুদেব মণ্ডলের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ওই পঞ্চায়েতেরই ১৩ জন তৃণমূল সদস্য। ইতিমধ্যেই জেলাশাসক, মানিকচকের বিডিও-র কাছে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন উপপ্রধান নাসির শেখ সহ তৃণমূলের ১৩ জন, কংগ্রেসের দুজন ও বিজেপির একজন সদস্য। গত মার্চ মাসে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
আদালত মানিকচকের বিডিওকে তিন মাসের মধ্যে এই ঘটনা সম্পকিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে। তবে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান।








