
মা প্রাথমিক শিক্ষিকা হিসাবে কর্মরত উত্তর দিনাজপুরে। অগত্যা মাকে ছাড়াই মাসের পর মাস কাটে ছোট্ট শিশুর। এবার নিজের কষ্টের কথা খোদ মুখ্যমন্ত্রীকে দিদুন হিসাবে সম্বোধন করে খোলা চিঠি লিখেছে ঐতিহ্য দাস নামে ছোট্ট সেই শিশু। শুধু তাই নয়।
মা বাড়ির সামনে চলে এলে ফের দিদুন-কে চিঠি লিখবে সে। চিঠি লিখে ধন্যবাদ জানাবে। ঐতিহ্য দাসের বয়স যখন মাত্র ২ বছর, তখন তার মা স্বাগতা পাইন প্রাথমিক শিক্ষিকা হিসাবে চাকরি পান। তখন থেকেই মা উত্তর দিনাজপুরের রহমতপুর এফপি স্কুলে কর্মরতা। একসময় মা তাঁর কর্মস্থলে নিয়ে গিয়েছিলেন ছোট্ট ঐতিহ্যকে। কিন্তু উত্তর দিনাজপুরের আবহাওয়ায় মানিয়ে নিতে পারেনি ঐতিহ্য। অগত্যা কয়েকমাস পরেই ঐতিহ্যকে আসানসোলে কর্মরত বাবার কাছে রেখে যান স্বাগতা। আসানসোলে দাদু ও বাবার কাছে থেকেই লেখাপড়া শুরু করে ঐতিহ্য।ছোট্ট ঐতিহ্য জানতে পারে, চাইলেই মুখ্যমন্ত্রী তার মাকে তার কাছে এনে দিতে পারে।
তাই নিজের ইচ্ছাতেই পেনসিল দিয়ে নিজের পড়ার খাতার কাগজে খোদ মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে বসে সে। মুখ্যমন্ত্রীকে প্রিয় মমতা দিদুন বলে সম্বোধন করে কাঁচা হাতে বাংলায় লেখা সেই খোলা চিঠির ছত্রে ছত্রে ফুটে উঠেছে ছোট্ট শিশুমনের মাকে সবসময় কাছে না পাওয়ার যন্ত্রণা।






