চরম অনিশ্চয়তার মুখে কিয়েভ

0
189

বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে কিয়েভের জন্য আরো সাহায্যের ঘোষণা করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প যেকোনো মূল্যে ইউক্রেনকে মস্কোর সঙ্গে বোঝাপড়ায় বাধ্য করতে চান।

 

এরমধ্যে বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার হোয়াইট হাউসে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। প্রায় শেষবারের মতো ইউক্রেনের জন্য বাড়তি ২৪০ কোটি ডলার অঙ্কের সামরিক সহায়তা মঞ্জুর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগে আরো ৫৫০ কোটি ডলার অঙ্কের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবেন, সে বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন বলেছেন, এখন আমেরিকা ইউক্রেনের সঙ্গে আছেন, ভবিষ্যতেও থাকবেন।আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে জেলেনস্কি চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে জিতলে ইউক্রেনের জন্য মার্কিন সাহায্য অব্যাহত থাকবে,এমন আশ্বাস পেয়েছেন তিনি।কিন্তু রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে আবার ফিরলে সেই সংহতি প্রবল ধাক্কা খাবে,সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে ইউক্রেনের ভূখণ্ডের কিছু অংশে রাশিয়ার কর্তৃত্ব মেনে নিয়ে আপসের পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিস,ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীতির প্রতি সমর্থনের অভিযোগ এনেছেন। তার মতে, এমন প্রস্তাব বিপজ্জনক ও একেবারেই গ্রহণযোগ্য নয়।