চীনে সামরিক কুচকাওয়াজে কিম জং উন

0
88
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস সামরিক কুচকাওয়াজ। এ আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এই কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে চীন-জাপান যুদ্ধের ৮০তম বার্ষিকী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান।জানা যাচ্ছে,চীন এবার প্রদর্শন করবে তাদের সর্বাধুনিক সামরিক শক্তি,হাজারো যুদ্ধবিমান, ট্যাংক এবং উন্নতমানের অ্যান্টি-ড্রোন ব্যবস্থা।চীনের তিয়ান আন মেন স্কয়ারজুড়ে সাজানো হবে ৭০ মিনিটের জমকালো কুচকাওয়াজ, যেখানে কয়েক হাজার সেনা সদস্য থাকবেন। নেতৃত্বে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উল্লেখ্য,২০১৫ সালের ভিক্টরি ডে কুচকাওয়াজে উত্তর কোরিয়া কিমের পরিবর্তে উচ্চপদস্থ প্রতিনিধি পাঠিয়েছিল।তবে এবারের আয়োজন ভিন্ন মাত্রা পাচ্ছে কিমের সরাসরি উপস্থিতির কারণে। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন ও শির পাশে দাঁড়ানো কিমের ছবি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে।এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তিনি কিমের সঙ্গে আবার বৈঠক করতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প একই সঙ্গে পুতিনের সঙ্গেও আলোচনা করে ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে চান।

বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে বেজিংয়ের কুচকাওয়াজ শি জিনপিংয়ের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হতে পারে।তবে পশ্চিমী বিশ্বের অধিকাংশ নেতাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না। জাপানও আগেই নেতাদের অনুরোধ করেছিল এই অনুষ্ঠানে না যেতে, কারণ এতে বিরোধী-জাপানি বার্তা রয়েছে বলে টোকিওর দাবি।