
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে বিদায় জানাতে দিল্লির নিগমবোধ ঘাটে উপস্থিত ছিলেন ভূটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক এবং মরিশাসের বিদেশমন্ত্রী। কংগ্রেসের সদর দফতর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিগমবোধ ঘাটে।
সেখানেই পুষ্পস্তবক দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ভূটানের রাজা। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মরিশাসের বিদেশমন্ত্রীও। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মরিশাস ঘোষণা করেছে যে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন মার্কিন-ভারত সম্পর্ক জোরদারে মনমোহন সিং-র ভূমিকার কথা স্মরণ করেছেন এবং তাকে একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেছেন।
