
শহরে আর কোনও রকম রুফটপ রেস্তোরাঁ করা যাবে না, বড়বাজারে আগুন লাগার পর সাফ জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
শুক্রবার তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যে কমিটি গঠন করেছে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে যাবতীয় রুফটপ রেস্তোরাঁ। মেয়র আরও বলেছেন, পুলিশ কমিশনার মনোজ বমাকে অনুরোধ করা হয়েছে, যাতে তিনি সমস্ত রুফটপ রেস্তোরাঁর নামের তালিকা দেন। ওইসমস্ত রেস্তোরাঁকে নোটিস পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্য হয়েছে।
ঘটনার পর থেকেই হোটেলের সুরক্ষা ব্যবস্থায় নানা গাফিলতি প্রকাশ্যে এসেছে। স্বয়ং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, হোটেলে দাহ্য পদার্থ মজুত ছিল। হোটেলের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।






