
মহাসপ্তমীতে ফ্যান ফলোয়ারদের জন্য মহা-উপহার কোয়েল মল্লিকের পুজোর দ্বিতীয় দিনে মেয়ে কাব্যর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন অভিনেত্রী।
শুধু তাই নয়, স্বামী নিসপাল সিং রানে, পুত্র কবীরের সঙ্গেও ফ্রেমবন্দি হয়েছে সুপারস্টার মায়ের মিষ্টি মুহূর্ত। আর সেই ব্লকবাস্টার ফ্রেম দেখেই কাব্যকে ভালোবাসায় ভরিয়েছে টলিউড। উল্লেখ্য কলকাতার অভিজাত পরিবারের পুজোগুলির মধ্যে ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো নিঃসন্দেহে অন্যতম। স্বাভাবিকভাবেই ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর দিকে নজর থাকে সবারই। কারণ, ভাইদের নিয়ে এই পুজোর পুরোভাগে থাকেন অভিনেতা রঞ্জিত মল্লিক। রঞ্জিতকন্যা কোয়েলও পরিবারের সদস্যদের সঙ্গে হাতে হাত লাগিয়ে নেমে পড়েন পুজোর কাজে। আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই পুজোর এই পাঁচ দিন ঘরোয়া মেজাজে মল্লিক বাড়িতে ধরা দেন কোয়েল। ফি বছরের মতো এবারেও অভিনেত্রী মেতে উঠে ছিলেন দুর্গা আরাধনায়। তবে এবারের পুজোটা কোয়েল ফ্যান ফলোয়ারদের জন্য স্পেশাল।কারণ সপ্তমীর দুপুরে মেয়ে কাব্যর সঙ্গে সকলকে আলাপ করিয়ে দিয়েছেন অভিনেত্রী এবং তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। দাদা কবীরের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজে ছিল কাব্য। দু’ ভাইবোনের পরনে হলুদ পোশাক। কবীর পরে ছিল হলুদ পাঞ্জাবি আর কাব্য সেজেছে হলুদ লেহেঙ্গায়। মুখে একগাল হাসি। নরম তুলতুলে হাতে ধরা মায়ের আঙুল। কোয়েলের কোলে চড়ে ক্যামেরায় পোজ দিয়েছে কাব্য। আরেক ফ্রেমে বাবা নিসপালের কোলে দেখা গিয়েছে একরত্তিকে। আর সেই মিষ্টি ছবি দেখেই কবীর-কাব্যকে ভালোবাসায় ভরিয়েছেন মিমি চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, পার্নো মিত্র, ঐন্দ্রিলা সেন-সহ আরও অনেকে।
মল্লিক বাড়ির সপ্তমী পুজোর সমস্ত লাইমলাইট যে কাব্য কেড়ে নিয়েছে, তা বলাই বাহুল্য।উল্লেখ্য ২০২৪ সালের দেবীপক্ষে মা হওয়া খবর দিয়েছিলেন কোয়েল মল্লিক। আর এই পুজোয় মেয়েকে কোলে নিয়ে ছবি উপহার দিলেন ফ্যান ফলোয়ারদের।
