
আনন্দপুরের নাজিরাবাদে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি-র জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, এই দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের অধিকাংশই ছিলেন অল্প বয়সী এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁদের বেশিরভাগের বাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এই অকাল মৃত্যু শুধু সংশ্লিষ্ট পরিবারগুলিকেই নয়, গোটা সমাজকেই গভীরভাবে নাড়া দিয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দীর্ঘদিনের অবহেলা, অযোগ্যতা ও প্রশাসনিক ব্যর্থতার ফল।
নিয়মিত পরিদর্শনের অভাব, নিরাপত্তা বিধি কার্যকর না করা এবং অবৈধ শিল্প ইউনিটগুলির ওপর নজরদারির ঘাটতির কারণেই এমন মর্মান্তিক প্রাণহানি ঘটেছে বলে দাবি তাঁর।








